খেলা

উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখাল সৌদি আরব

ক্রীড়া ডেস্ক ১৬ জুন, ২০২৬ এ ০৬:৩৭ AM ২২২২১৬ জুন, ২০২৬
শেয়ার:
উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখাল সৌদি আরব

বিশ্বকাপের মঞ্চে আবারও বড় দলকে আটকে দিয়ে আলোচনায় সৌদি আরব। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত শক্তিশালী উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে সমতা করেছে এশিয়ার প্রতিনিধিরা। দারুণ লড়াইয়ে পাওয়া এই এক পয়েন্টে পরের পর্বে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে সৌদিদের।

ম্যাচের আগে শক্তির বিচারে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে সৌদি আরব। গোছানো আক্রমণ আর শক্ত রক্ষণে চাপে পড়ে উরুগুয়ে।

প্রথমার্ধের শেষদিকে আসে কাঙ্ক্ষিত গোল। ৪১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে প্রথমে হেড করেন হাসান আল তামবাকতি। কিন্তু বল ঠিকভাবে সামলাতে পারেননি উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে বল বেরিয়ে এলে সুযোগ কাজে লাগান আবদুলেলাহ আল-আমরি। কাছ থেকে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

বিরতির পর সমতায় ফিরতে আক্রমণের গতি বাড়ায় উরুগুয়ে। ডারউইন নুনিয়েস, ফেদেরিকো ভালভার্দে ও মাক্সিমিলিয়ানো আরাউহোদের একের পর এক আক্রমণে ব্যস্ত সময় কাটাতে হয় সৌদি রক্ষণকে। তবে দীর্ঘ সময় দৃঢ় প্রতিরোধ গড়ে রাখে মধ্যপ্রাচ্যের দলটি।

৭০ মিনিট পার হওয়ার পরও পিছিয়ে ছিল উরুগুয়ে। কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। তখন মনে হচ্ছিল, বিশ্বকাপে আরও একটি বড় অঘটনের জন্ম দিতে যাচ্ছে সৌদি আরব।

তবে শেষ পর্যন্ত সমতায় ফিরতে সক্ষম হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৮০ মিনিটে গোল করেন মাক্সিমিলিয়ানো আরাউহো। ধারাবাহিক চাপের ফল হিসেবে পাওয়া সেই গোলে সমতায় ফেরে দক্ষিণ আমেরিকার দলটি।

শেষ সময়ে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিয়ে প্রশংসা কুড়িয়েছে সৌদি আরব।

এএস/

ট্যাগ:#উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়ে#চমক দেখাল সৌদি আরব#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১৬ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান