উলিপুরে যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে বিকল্প বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তীব্র তাপদাহ উপেক্ষা করে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে প্রায় আধা কিলোমিটার জুড়ে দীর্ঘ মানব প্রাচীর তৈরি হয়।
মানববন্ধনে বক্তারা জানান, শহরের তীব্র যানজট নিরসনে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৩.২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য একনেক ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করেছে। কিন্তু প্রশাসনের নানা জটিলতায় দীর্ঘদিনেও দরপত্র (টেন্ডার) আহ্বান না করায় প্রকল্পের কাজ পুরোপুরি থমকে আছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের ভেতরের সড়কটি কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাসানী সেতুর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিনিয়ত তীব্র যানজটের কারণে জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আটকে থাকছে। বিঘ্নিত হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত। এমনকি কিছুদিন আগে যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সের ভেতরেই এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বিকল্প বাইপাস সড়কটি নির্মিত হলে এই দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি মিলবে।
"সওজ-এর অবহেলায় কাজ বাতিল হলে উলিপুরের মানুষ মেনে নেবে না। দ্রুত কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।" তারিক আবুল আলা চৌধুরী (প্রধান বক্তা ও সাবেক পৌর মেয়র)
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরীর প্রধান বক্তব্য ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা:* সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল রহমান বুলবুল। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন।
বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, এবং সাবেক ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
যোগাযোগ করা হলে কুড়িগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, "উলিপুর বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করছি দ্রুতই সব জটিলতার অবসান ঘটবে এবং বাইপাস সড়কের মূল কাজ শুরু হবে।"
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!