তিন পরিবারের বসতঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

রংপুরের পীরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৫টি ইটের তৈরি বসতঘর, ৮০ মণ চালসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছোট উজিরপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে বেলাল মিয়া, রাশেদুল ইসলাম ও তাদের মা আসমা বেওয়ার বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তাদের ৫টি ঘর, ঘরে থাকা ৮০ মণ চাল, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বিদ্যুৎশর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত রাশেদুল ইসলাম বুকফাটা আর্তনাদ করে বলেন, > "অগ্নিকাণ্ডে আমাদের প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছি।"
পীরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হলেও, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এদিকে ঘটনার পর পরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও’র নির্দেশ পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ। তিনি বলেন, > "আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেছি। পরবর্তীতে তাদের আরও সরকারি সহায়তা দেওয়া হবে।"
আপন/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!