জাতীয়

সারাদেশে লাগানো হবে ২৫ কোটি গাছ, কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি ১৩ জুন, ২০২৬ এ ০১:৫৫ PM ৯৫৯৪১৩ জুন, ২০২৬
শেয়ার:
সারাদেশে লাগানো হবে ২৫ কোটি গাছ, কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী। গাছ রোপণ শেষে তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্ক ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিন প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। পরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে গিয়ে বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

সেখানে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী বলেন, বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সবকিছুর লক্ষ্য একটিই, জনগণের সেবা। দেশের মালিক জনগণ। দেশের মালিক কোনো পরিবার বা কোনো দল নয়। জনগণের কাছে প্রশ্ন, যেই বাজেটে জনগণের স্বস্তি আনার ব্যবস্থা করা হয়, যারা এর বিরোধিতা করে তারা কি জনগণের বন্ধু হতে পারে।

তিনি আরও বলেন, প্রতিটি বাজেটের পরই জিনিসের দাম বাড়ে। কিন্তু বর্তমান সরকারের বাজেট দেয়ার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি।

এএস/

ট্যাগ:#বৃক্ষরোপণ#প্রধানমন্ত্রী#তারেক রহমান

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১৩ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান