শতভাগ ফেল, ঠাকুরগাঁওয়ে ৫ বিদ্যালয়ের প্রধানকে শোকজ

এসএসসি পরীক্ষায় একটি শিক্ষার্থীও পাস না করায় ঠাকুরগাঁওয়ের ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে জেলা শিক্ষা বিভাগ। আগামী ২ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছর জেলায় মোট পাসের হার ৫৫.৯০%।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। আগামী দুই দিনের মধ্যে তাদের এই বিপর্যয় সম্পর্কিত লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শূন্য পাসের হার রেকর্ড করা বিদ্যালয়গুলো হলো—সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪ পরীক্ষার্থী), অনভারডিঘি উচ্চ বিদ্যালয় (৭ পরীক্ষার্থী), মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৫ পরীক্ষার্থী) ও তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় (৫ পরীক্ষার্থী), এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (৩ পরীক্ষার্থী)।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, ঘটনাটির সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এ বছর ঠাকুরগাঁও জেলায় ১৭,৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯,৮৮৬ জন; যেখানে মোট পাসের হার ৫৫.৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১,৪৬৪ জন।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!