সাদুল্লাপুরে নিজের চারাগাছ উপড়ে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি কৃষিমাঠে নিজের রোপণ করা চারাগাছ নিজেই উপড়ে ফেলে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে ফজলুল হক (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এই নাটকীয় ও অমানবিক ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক ও তার পক্ষের লোকজন প্রতিবেশী আঙ্গুর মিয়ার (৪৫) পরিবারের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন, যার ফলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে পাতিল্যাকুড়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ফজলুল হকের সঙ্গে একই গ্রামের খোকা মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আঙ্গুর মিয়াকে বিভিন্নভাবে হয়রানি ও ফাঁসানোর চেষ্টা করে আসছিলেন ফজলুল হক।
সম্প্রতি ফজলুল হক ও তার ভাই আব্দুর রউফ মিয়া গংরা রাতের আঁধারে নিজেদের রোপণ করা গাছের চারা নিজেরাই উপড়ে ফেলে দূরের একটি পুকুরে ফেলে আসেন। এরপর ঘটনাটিকে ভিন্ন খাতে মোড় নিতে তারা অপপ্রচার চালান যে, আঙ্গুর মিয়া এই চারাগাছগুলো উপড়ে ফেলেছেন। এখানেই শেষ নয়, এই সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে ফজলুল হক বাদী হয়ে আঙ্গুর মিয়া ও এমদাদুল মিয়ার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মিথ্যা অভিযোগও দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে ফজলুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহোদর ভাই আব্দুর রউফ মিয়া বলেন, "ঘটনা কী ঘটেছে তা থানায় গেলেই জানতে পারবেন।"
ভুক্তভোগী আঙ্গুর মিয়া তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "একই ব্যক্তির কাছ থেকে কেনা জমি নিয়ে প্রতিবেশী ফজলুল হকের সঙ্গে আমাদের ঝামেলা চলছে। সেই বিরোধের জেরে তারা নিজেরাই নিজেদের চারাগাছ উপড়ে ফেলে নাটকীয়ভাবে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা এই মিথ্যা ও বানোয়াট অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি।"
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব জানান, জমি সংক্রান্ত বিরোধ ও চারাগাছ উপড়ে ফেলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!