সৌদি নেতৃত্বাধীন ১৪ দেশের সামরিক জোটে বাংলাদেশ

লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ রক্ষায় নতুন ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালাইয়েন্স’ নামে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। ১৪ দেশের এই জোটে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
রয়টার্স ও আলজাজিরার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন শেষে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জোটের মূল লক্ষ্য হবে বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করা।
সৌদি আরবের নেতৃত্বে এই জোটে সদস্য হিসেবে রয়েছে—বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান জোটে যোগ দেয়নি।
প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অবস্থান
সৌদি আরবের দেওয়া যৌথ বিবৃতি অনুযায়ী, জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি কোনো নির্দিষ্ট দেশ বা সংস্থার বিরুদ্ধে নয়। সদস্যরা যৌথ কমান্ড, তথ্য বিনিময়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও যৌথ সামুদ্রিক অভিযানে একে অপরকে সহযোগিতা করবে।
জোটে বাংলাদেশের যোগদান নিয়ে গতকাল শুক্রবার পর্যন্ত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও এর আগে গত ২২ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এতে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের কড়া নিন্দা জানিয়ে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে নিরবচ্ছিন্ন নৌ-চলাচলের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়।
জোট গঠনের প্রেক্ষাপট
ইরান সংকটকে কেন্দ্র করে কৌশলগত হরমুজ প্রণালি স্থবির হয়ে পড়ার পর বিশ্ব বাণিজ্যে লোহিত সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরের গুরুত্ব বহুগুণ বেড়েছে। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ শতাংশ এবং কনটেইনারের ৩০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলা চালিয়ে নৌ-অবরোধের ঘোষণা দেয়, যা বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে। মূলত নিজেদের তেল রপ্তানি ও বাণিজ্যিক পথ সুরক্ষিত রাখতেই সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
হুতিদের কড়া হুঁশিয়ারি
জোট ঘোষণার পর হুতিদের শীর্ষ নেতা আবদুল মালিক আল-হুতি সৌদি আরবকে 'সর্বাত্মক পাল্টা জবাবের' হুঁশিয়ারি দিয়েছেন। ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়, হুতি নেতা দাবি করেছেন লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারের ওপর তাদের নৌ-অবরোধ ইতোমধ্যে সফল হয়েছে। সৌদি আরব সংঘাত বাড়াতে চাইলে তারাও পূর্ণাঙ্গ উত্তেজনার মাধ্যমেই এর জবাব দেবে।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!