রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার নিজস্ব অর্থায়নে আধা কিমি সড়ক মেরামত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের বেহাল একটি সড়ক নিজস্ব অর্থায়নে সিসি ঢালাই করে মেরামত করে দিয়েছেন সবুজ মিয়া নামে এক স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা। তার এমন মহৎ উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাবো এলাকায় শাহজাহান কোম্পানির বাড়ি থেকে আব্দুর রহমান মার্কেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয় কাঞ্চন পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে দীর্ঘদিন কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি চরমে পৌঁছায়।
জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ মিয়া। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সড়কটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেন। রোববার (২১ জুন) সকালে সড়কটিতে সিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়।
সড়কটি নতুন করে পাকা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, খানাখন্দে ভরা এই সড়কে আগে রিকশা বা জরুরি যানবাহন চলাচল করতে পারতো না। হেঁটে চলাই ছিল দুষ্কর। এখন সড়কটি সংস্কার হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকার সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। এই মানবিক ও জনকল্যাণমূলক কাজের জন্য তারা সবুজ মিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া বলেন, "এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করেই আমি নিজ উদ্যোগে সড়কটি সংস্কারের ব্যবস্থা করেছি। মানুষের মুখে হাসি দেখতে পারাই বড় সার্থকতা। ভবিষ্যতেও এলাকার যেকোনো উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব।"
এলাকার সচেতন মহলের মতে, সরকারের পাশাপাশি এ ধরনের ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসেবায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!