‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: জাহেদ উর রহমান

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তাঁর এক ধরনের সফর। বিষয়টি নিয়ে জল্পনার কিছু নেই। সফর শেষে সরকার চাইলে এ বিষয়ে কোনো বিবৃতি দিতে পারে।
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়া প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, অতীতে যেনতেনভাবে নম্বর দেওয়া ও পাস করানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার শিক্ষার মানের দিকে গুরুত্ব দেবে—এটি শুরুতেই জানানো হয়েছিল।
জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, নীতিমালার লক্ষ্য হচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো কাজে লাগানো। এতে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ থাকবে না।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলেও জানান জাহেদ। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল হবে—এমন কোনো ইঙ্গিত সরকার দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করেছে। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরির দায়িত্ব ভারতেরও রয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের সভাপতি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ভারত থেকেও সফরের আমন্ত্রণ রয়েছে। প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন বলেও জানান তিনি।
সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সাকিবের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যেই হোক, বাংলাদেশে এলে প্রত্যেকেই পূর্ণ নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ায় সব নাগরিক ও সাংবিধানিক অধিকার পাবেন। আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!