রাজনীতি ঢাকা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক ১ জুন, ২০২৬ এ ০৩:২৮ PM ৭২২২১ জুন, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ঈদের ছুটি শেষে সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণেই দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, 'দায়িত্ব গ্রহণের পর থেকে আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে নানা সমস্যা দেখা দিচ্ছে। বর্তমান সরকারের প্রশাসনিক কাজের গতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আমি আমার বর্তমান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন মনে করি।'
৬৩ বছর বয়সী দীপেন দেওয়ান ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিএনপির প্রার্থী ছিলেন। তিনি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হন।
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হন দীপেন। তার পিতা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপজাতি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
২০০৫ সালে যুগ্ম জেলা জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন দীপেন। ২০১০ সালে তিনি রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ট্যাগ:#দীপেন দেওয়ান#পদত্যাগ#বিএনপি#পার্বত্য চট্টগ্রাম
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published১ জুন, ২০২৬