পঞ্চগড়ে হোসনেবাদ মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাস করেছে ১ জন

১৩ জন শিক্ষকের বিপরীতে ৭ জন পরীক্ষার্থী, পাস করেছে মাত্র ১ জন! পঞ্চগড়ের বোদা উপজেলার হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এমন ফলাফলে চরম ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।
পঞ্চগড়ের বোদা উপজেলার হোসেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১৩ জন শিক্ষকের বিপরীতে ৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন। এমন জঘন্য ফলাফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যসহ অভিভাবকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম জানান, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় হোসনেবাদ মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে মাত্র ১ জন। ১৩ জন শিক্ষক থাকা সত্ত্বেও কেন এমন ফলাফল হলো, সে বিষয়ে মাদ্রাসার সুপারিন্টেনডেন্টকে জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম হওয়ায় এখানকার শিক্ষকদের অন্য প্রতিষ্ঠানে সংযুক্ত করার পরামর্শও দেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত মাদ্রাসায় না আসার কারণেই আজ শিক্ষার্থীদের এই করুণ দশা। শিক্ষক-কর্মচারীদের শিক্ষার্থী বাড়ানোর কোনো তাগিদ নেই এবং সুপারিন্টেনডেন্ট নিজেই মাদ্রাসা ফাঁকি দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সুপারিন্টেনডেন্ট মোছাঃ রৌশনারা বেগমকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০০২ সালে এমপিওভুক্ত হওয়া এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৩ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী নিয়মিত সরকারি বেতন পাচ্ছেন। এর আগে ২০২৪ সালে ৫ জন এবং ২০২৫ সালে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এছাড়া জাল কাগজপত্র ও গোপনে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষক নিয়োগসহ নানা অনিয়ম-দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি দিন দিন শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!