নাসিরনগরে ডাকাতির মামলায় যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির মামলায় সোহেল (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে থানা পুলিশের সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) জামালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। গ্রেপ্তার সোহেল কালিউতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলামের ভাতিজা।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুতমা গ্রামের জামাত আলীর করা একটি ডাকাতির মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ডাকাতির সময় জামাত আলীকে মারধর করে আহত করা হয়। পরে তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর জামাত আলী বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোহেল উপজেলার তিলপাড়া, ছাতিয়াইন, রতনপুর ও আদাঐর সড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল বলে দাবি তাঁদের।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কালিউতা গ্রামের পশ্চিম পাশে নদীর পাড়সংলগ্ন নির্জন এলাকায় সোহেলের বাড়ি। তাঁদের অভিযোগ, ওই এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা রয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে। অতীতেও ওই এলাকা থেকে গরুসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নির্জন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। তাঁদের মতে, সোহেলের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতির ঘটনাগুলো তদন্ত করে জড়িত অন্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা দরকার।
পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে তাঁর সম্পৃক্ততা বা অন্য কারও জড়িত থাকার তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একাধিক ডাকাতির ঘটনায় অভিযুক্ত যুবক সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ! কালিউতা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।ছবি: সমাজকাল
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!