মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

'সময়ের সাথে, আগামীর পথে'—এই স্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে জেলাটিতে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার (৪ জুলাই) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি বলেন, "বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রচারে এনটিভি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানসম্মত অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দীর্ঘদিন ধরে দর্শকদের আস্থা ধরে রেখেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক ও ‘বাংলারদিন’ পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন। এ সময় রেডিও পল্লীকণ্ঠসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ফুলের তোড়া দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!