মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান

মেহেরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে পুশইন (অনুপ্রবেশ) করানোর চেষ্টার খবর পাওয়া গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি, সায়েন্টিফিক টহল এবং সতর্ক অবস্থানের কারণে অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।
স্থানীয় সূত্র ও সীমান্ত এলাকার বাসিন্দাদের বরাতে জানা যায়, গত রাতে মেহেরপুরের সীমান্তবর্তী একটি পয়েন্ট দিয়ে কিছুসংখ্যক বাংলাভাষী মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পকে অবহিত করে।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সীমান্তে কঠোর অবস্থান নেয়। বিজিবির তীব্র বাধা ও জোরালো প্রতিবাদের মুখে বিএসএফ তাদের পুশইন চেষ্টা স্থগিত করতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নিয়ে যায়।
এই ঘটনার পর থেকে মেহেরপুর সীমান্তের সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত লঙ্ঘন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
সীমান্ত এলাকার সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক বিরাজ করলেও বিজিবির সক্রিয় ভূমিকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!