লিচুর বাম্পার ফলনে ঈশ্বরদীতে উৎসবের আমেজ

ঋতুচক্রের আবর্তনে বছর ঘুরে আবারও এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। আর এই জ্যৈষ্ঠ আসতেই এক নতুন রূপে সেজে উঠেছে লিচুর জন্য দেশ-বিদেশে সমাদৃত পাবনার ঈশ্বরদী। চারদিকে এখন পাকা ও রসালো লিচুর চোখজুড়ানো সমারোহ। লিচুর এই মৌসুমকে ঘিরে এখানকার প্রতিটি ঘরে ঘরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। আত্মীয়স্বজনের আগমন আর পারিবারিক মিলনমেলায় এই চিরচেনা জনপদ যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে।
জ্যৈষ্ঠের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় মাসব্যাপী ঈশ্বরদীতে চলে দেশি ও বোম্বাইসহ বিভিন্ন জাতের লিচু সংগ্রহ, বাছাই, গণনা ও বাজারজাতকরণের তুমুল ব্যস্ততা। এই সময়ে স্থানীয় লিচু বাগানগুলো ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার লিচুর ফলন
অনেক বেশি হওয়ায় চাষি ও বাগান মালিকদের আনন্দের মাত্রা বেড়েছে কয়েকগুণ।
জগন্নাথপুর গ্রামের লিচুচাষি আব্দুল হামিদ বলেন, "আমাদের এলাকার প্রধান অর্থকরী ফসলই হলো লিচু। এই মৌসুম এলেই বাড়িতে নবান্নের মতো উৎসবের আমেজ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে আত্মীয়স্বজনরা বেড়াতে আসেন এবং সবাই মিলে আনন্দ করি।" লিচু চাষে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডল বলেন, "এবারের বাম্পার ফলনে কৃষকরা অত্যন্ত আনন্দিত।
বিভিন্ন অঞ্চল থেকে মানুষ লিচু বাগান দেখতে আসছে এবং উৎসবমুখর পরিবেশে কেনাবেচা চলছে।"
বাগান মালিক ও শিক্ষক হুমায়ুন কবির তরুণ জানান, বর্তমানে পুরো ঈশ্বরদী যেন লিচুময় হয়ে উঠেছে। ভালো ফলনের কারণে বাগান মালিকদের মনে স্বস্তি ফিরেছে। আত্মীয় ও বন্ধুদের মিলনমেলায় মুখরিত চারপাশ। বাগান মালিক মোঃ আলমগীর জানান, গাছ থেকে নিজ হাতে লিচু পাড়া এবং টাটকা লিচুর স্বাদ নেওয়া এ অঞ্চলের এক বিশেষ ঐতিহ্য। বিদায়বেলায় অতিথিদের উপহার হিসেবে লিচু দেওয়ার প্রচলনও বেশ পুরনো।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, চলতি বছর উপজেলায় প্রায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এবার ফলন বেশ ভালো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই বাম্পার ফলনের মাধ্যমে কৃষকরা বাজারে ন্যায্য মূল্য পাবেন, যা তাদের আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি ঘটাবে। লিচুর সুগন্ধ, আত্মীয়তার অটুট বন্ধন আর কৃষকের মুখের এক চিলতে হাসি—সব মিলিয়ে জ্যৈষ্ঠের ঈশ্বরদী এখন এক প্রাণবন্ত উৎসবের জনপদে পরিণত হয়েছে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!