সারা দেশ রংপুর
বালু ফেলে অবরুদ্ধ

গাইবান্ধায় ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের হুমকি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ৪ জুলাই, ২০২৬ এ ০১:২৯ PM ৫২৫২৪ জুলাই, ২০২৬
শেয়ার:
গাইবান্ধায় ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের হুমকি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ ও ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বাগদা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে ওই ওষুধের দোকানের চারপাশে বালুর স্তূপ করে দোকানটি অবরুদ্ধ করে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ছামিউল আলম ঘটনার বিবরণ দিয়ে জানান, গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা বাজার এলাকায় সরকারি রাস্তার ধারে একটি ওষুধের দোকান নির্মাণ করে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কাটাবাড়ী গ্রামের বেলাল হোসেনসহ কয়েকজন ব্যক্তি তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দোকান থেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়। এরই একপর্যায়ে তার ব্যবসা বন্ধ ও দোকান দখলের উদ্দেশ্যে চারপাশ বালু দিয়ে ঘিরে ফেলা হয়, যাতে তিনি দোকান খুলে ব্যবসা করতে না পারেন।

ছামিউল আলম আরও বলেন, "আমি জায়গার ন্যায্য মূল্য পরিশোধ করেই দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছি। বর্তমানে এই জায়গার চাহিদা ও মূল্য বৃদ্ধি পাওয়ায় তারা এখন অতিরিক্ত টাকা দাবি করছে এবং আমাকে হেনস্তা করছে।"

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলাল হোসেন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে ভিন্ন দাবি করেন। তিনি বলেন, "দোকানটি মূলত আমার। তার কাছে ভাড়া বাবদ এক লক্ষাধিক টাকা বকেয়া রয়েছে। আমি সেই বকেয়া টাকাই চেয়েছি। টাকা না দেওয়ায় বিষয়টি আমার ভাগিনাকে জানাই। পরে ভাগিনা লোকজন নিয়ে সেখানে নিজস্ব কাজের জন্য দোকানের পাশে বালু রেখেছে।"

তবে জায়গাটি সরকারি—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "সরকারি জায়গা হলে কী হবে? জায়গাটি আগে আমার দখলে ছিল। পরবর্তীতে আমি তাকে সেটি ভাড়া দিই। এখন আমার নিজের প্রয়োজনে জায়গাটি লাগবে, তাই তাকে সরে যেতে বলেছি।"

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৪ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান