ঘোড়াঘাটে সবজির বাজারে আগুন: ৫০০ টাকায়ও মিলছে না প্রয়োজনীয় বাজার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সবজি বাজারে হঠাৎ করেই লেগেছে আগুনের উত্তাপ। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাজারটির পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সবজির অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগেও যে পরিমাণ টাকা দিয়ে একটি পরিবারের কয়েক দিনের সবজি কেনা সম্ভব হতো, এখন বাজারে ৫০০ টাকা নিয়ে গিয়েও একদিনের প্রয়োজনীয় সবজি কিনতেই হিমশিম খেতে হচ্ছে। টমেটো, কাঁচা মরিচ, বেগুন, পটল ও করলাসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সবজির দামই দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে।
বাজারের এই উর্ধ্বগতির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেককে বাজেটের সাথে মিলাতে না পেরে কাঙ্ক্ষিত সবজি না কিনে কিংবা পরিমাণে কাটছাঁট করে ক্ষোভের সঙ্গে বাড়ি ফিরতে দেখা গেছে।
সাধারণ ক্রেতাদের দাবি, অসাধু বিক্রেতা ও পাইকারি বাজারের সিন্ডিকেট ভাঙতে বাজারে নিয়মিত মনিটরিং এবং প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। বাজার পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন তারা।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!