আমন্ত্রণে অব্যবস্থাপনা ও বিড়ম্বনা: মিঠাপুকুরের হাঁড়িভাঙা আমের মেলা উদ্বোধন

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ স্কুল মাঠে আজ (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত ঐতিহ্যবাহী "হাঁড়িভাঙা আম" বাজারজাতকরণ প্রক্রিয়ার। তবে উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও ‘দাওয়াত বিড়ম্বনা’।
অভিযোগ উঠেছে, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ এই সরকারি প্রোগ্রামে স্থানীয় সংসদ সদস্যসহ (এমপি) এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণের এই ঘাটতি বা না জানানোর ঘটনাটিকে উপজেলা প্রশাসনের চরম অবজ্ঞা ও উদাসীনতা হিসেবে দেখছেন ভুক্তভোগী মহল।
আমন্ত্রণের এই অব্যবস্থাপনা ও বিড়ম্বনার বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন- "মাননীয় এমপি মহোদয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। বর্তমানে জাতীয় সংসদের বাজেট অধিবেশন চলায় উনি ঢাকাতে আছেন, যার কারণে অনুষ্ঠানে আসতে পারেন নাই।"
দাওয়াতের দায়ভার প্রসঙ্গে ইউএনও আরও যোগ করেন- "আসলে এই অনুষ্ঠানে তো আমার দাওয়াত করার কথা নয়, মূল দাওয়াতপত্র বিতরণ বা আমন্ত্রণ জানানোর দায়িত্ব উপজেলা কৃষি অফিসের। তবুও আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সংশ্লিষ্ট সকলকে বরাবরের মতোই মোবাইল মেসেজের (SMS) মাধ্যমে বিষয়টি অবগত করেছিলাম।"
অন্যদিকে, এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন:
"এখানে আমি একদম নতুন জয়েন করেছি। আমের কোনো প্রোগ্রাম ইতিপূর্বে আমার করার অভিজ্ঞতা নেই। কাজের নতুনত্বের কারণে হয়তো আমন্ত্রণের ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকতে পারে।"
স্থানীয় আম চাষী ও সাধারণ মানুষ জানান, হাঁড়িভাঙা আম শুধু রংপুরের নয়, পুরো দেশের একটি ব্রান্ড। এমন একটি জিআই পণ্যের বাজারজাতকরণ উদ্বোধনে স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন না করা এবং সমন্বয়ের অভাব সত্যিই দুঃখজনক। ভবিষ্যতে জাতীয় এই সম্পদ নিয়ে যেকোনো আয়োজনে প্রশাসন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!