ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: ফখরুল

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "ধর্মকে কেন্দ্র করে দেশে বিভাজনের কোনো সুযোগ নেই। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না।"
তিনি বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করে কেউ যেন সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের নাগরিক।"
তিনি আরও বলেন, অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সব নাগরিকের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং পারস্পরিক সহাবস্থানের সংস্কৃতি আরও শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সম্মিলিত সনাতন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!