ধোবাউড়া থানার হ্যাটট্রিক সাফল্য: আবারও ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি শফিকুল ইসলাম

আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও অপরাধ দমনে অসামান্য অবদান রাখায় আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার শফিকুল ইসলাম সম্রাট। একই সাথে মে/২০২৬ মাসের পারফরম্যান্সে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কারসহ মোট তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে ধোবাউড়া থানা।
পুলিশ সূত্রে জানা গেছে, মে/২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা ও জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের (এসপি) কাছ থেকে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র গ্রহণ করেন।
এবারের কল্যাণ সভায় ধোবাউড়া থানা পুলিশ একাধিক সাফল্যের স্বাক্ষর রেখেছে। থানায় কর্মরত এসআই (নিঃ) শাকিব হাসান জেলাজুড়ে সর্বোচ্চ মাদক উদ্ধারের গৌরব অর্জন করে ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা’ হিসেবে পুরস্কৃত হয়েছেন।
এছাড়া, একটি জটিল ও অজ্ঞাতনামা হত্যা মামলার রহস্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসআই (নিঃ) মাহমুদুল হাসানকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম সম্রাট মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি এই সাফল্যের কৃতিত্ব ধোবাউড়া থানার সকল কর্মরত পুলিশ সদস্য ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি উৎসর্গ করে বলেন, "এই পুরস্কার আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। ধোবাউড়া থানাকে সম্পূর্ণ মাদক, জুয়া ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান ও প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।"
এদিকে ধোবাউড়া থানার এই ট্রিপল সাফল্যে ওসি শফিকুল ইসলাম সম্রাটসহ পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!