চান্দিনায় এসএসসিতে শীর্ষে আবেদা-নূর উচ্চ বিদ্যালয়, পিছিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে আবেদা-নূর উচ্চ বিদ্যালয়। ৯৮.৮২ শতাংশ পাসের হার ও ১৯টি জিপিএ-৫ নিয়ে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব অর্জন করে। অন্যদিকে ৯৬.০৫ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে সর্বোচ্চ ২৫টি জিপিএ-৫ এসেছে। তবে করতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জন পাস করে উপজেলার সর্বনিম্ন পাসের হারের তালিকায় নেমে এসেছে।
চলতি বছর সাধারণ বিদ্যালয়ের তুলনায় মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফল আশানুরূপ হয়নি। চান্দিনার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার ৬৭.১৭% (১৫৩টি জিপিএ-৫)। বিপরীতে ২৮টি মাদ্রাসায় পাসের হার ৫৭.৬৬% (১৮টি জিপিএ-৫) এবং ৪টি কারিগরি প্রতিষ্ঠানে পাসের হার ৬১.৭৪% (১২টি জিপিএ-৫)।
মাদ্রাসার মধ্যে মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৯৭.০৫% পাস করলেও করতলা দারুত তাওহিদ দাখিল মাদ্রাসা ও কারিগরির মহিচাইল উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার সর্বনিম্ন বা শূন্য, সেগুলোর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!