সারা দেশ কুমিল্লা

চান্দিনায় দরজা ভেঙে সিএনজি চালককে আটক: ভিডিও ভাইরাল

টি.আর. দিদার, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ২৯ জুন, ২০২৬ এ ০৫:৪০ PM ৮১৮১২৯ জুন, ২০২৬
শেয়ার:
চান্দিনায় দরজা ভেঙে সিএনজি চালককে আটক: ভিডিও ভাইরাল

কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে মোহাম্মদ আলী নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। আটকের সময় ভুক্তভোগী ফেসবুক লাইভে থাকায় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযানের সময় পুলিশ সদস্যরা সিএনজি চালকসহ তাঁর স্ত্রী ও সন্তানদের মারধর করেছেন। এতে মোহাম্মদ আলীর ১৫ বছর বয়সী ছেলে মেহেদী হাসান আহত হয় এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে রবিবার (২৮ জুন) সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। আটক মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। পুলিশ তাকে স্থানীয় মাধাইয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি দাবি করলেও, অনুসন্ধানে তার কোনো সদস্য পদের প্রমাণ মেলেনি।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, শনিবার রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামূল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে যায়। বাইরে থেকে পরিচয় না দেওয়ায় মোহাম্মদ আলী ঘরের জানালা খুলে ফেসবুক লাইভ শুরু করেন। ভিডিওতে দেখা যায়, তিনি বারবার পরিচয় জানতে চাইলে পুলিশ প্রথমে 'রিপন' নামের কাউকে খোঁজার কথা বলে। পরে 'মোহাম্মদ আলী'র নাম নিশ্চিত করেই দরজা ধাক্কাতে শুরু করে। মোহাম্মদ আলী নিজে থেকেই দরজা খোলার আশ্বাস দিলেও পুলিশ তৎক্ষণাৎ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অন্য একটি ভিডিওতে পরিবারের সদস্যদের চিৎকার ও আকুতি শোনা যায়।

আটকের মেয়ে মরিয়ম আক্তার জানায়, পুলিশ দরজা ভেঙে তার বাবাকে মারধর করে এবং বাধা দিতে গেলে তার ভাইকেও আঘাত করা হয়।

মারধরের অভিযোগ অস্বীকার করে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, আইন অনুযায়ীই দরজা ভেঙে আসামিকে আটক করা হয়েছে। অন্যদিকে, এ বিষয়ে জানতে এসআই এনামূল হককে ফোন করা হলে তিনি মন্তব্য না করে লাইন কেটে দেন।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান