সারা দেশ রংপুর
চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৭ জুন, ২০২৬ এ ০৪:৪৫ PM ৩২২২৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে রাইশা মনি (৮) নামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। আজ সোমবার (৭ই জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের কাঁচকোল দক্ষিণ খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাইশা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় 'কাঁচকোল বাজার নবিজান নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা'র দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে ব্রহ্মপুত্র নদে আরও কয়েকজন শিশুর সাথে গোসল করতে যায় রাইশা। গোসলের এক পর্যায়ে সে নদের গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে সাথে থাকা ফারহানা খাতুন নামের এক শিশু তাকে বাঁচাতে এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে রাইশা পানির নিচে তলিয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। চিলমারী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলজার হোসেন জানান, কুড়িগ্রাম জেলায় কোনো ডুবুরি দল না থাকায় রংপুর বিভাগের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তবে তারা বর্তমানে লালমনিরহাটে অন্য একটি উদ্ধার অভিযানে থাকায় আজ আসা সম্ভব হচ্ছে না। আগামীকাল (মঙ্গলবার) সকালে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে।
এদিকে এই ঘটনার পর থেকে নিখোঁজ শিশুর পরিবারসহ পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ:#চিলমারী#ব্রহ্মপুত্র নদে#গোসল করতে গিয়ে#শিশু নিখোঁজ#
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published৭ জুন, ২০২৬