চিকিৎসা শেষে ফের মুন্সীগঞ্জ জেলা কারাগারে দীপু মনি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে পুনরায় কারাগারে ফিরেছেন। সোমবার দুপুরে চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে ঢাকা থেকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে আনা হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় পাঁচ মাস ধরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন দীপু মনি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড এবং অ্যালার্জিজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত রোববার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সোমবার ভোরে সমস্যা আরও বাড়লে কারা কর্তৃপক্ষ তাঁকে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান জানান, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক না হলেও জরুরি বিভাগ থেকে উন্নত ও সুনির্দিষ্ট চিকিৎসার স্বার্থেই তাঁকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছিল। ঢাকায় নেওয়ার পর চিকিৎসকরা তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসা প্রদান করেন। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি। চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে দুপুর ১টার দিকে তাঁকে বহনকারী গাড়িটি পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। বর্তমানে তিনি কারা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর দলটির শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আত্মগোপনে থাকা অবস্থায় দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!