ব্রিজের সংযোজে ধসে: ভোগান্তিতে ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী-মিনাবাজার সড়কের আকালুরঘাট এলাকায় নবনির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক (এপ্রোচ রোড) ধসে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই সড়ক ধসে পড়া এখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে দুই উপজেলার প্রায় ৫০ হাজার মানুষকে চরম ভোগান্তির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটিতে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং ব্যাটারিচালিত অটো ও রিকশাগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থ বছরে ৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে চিলমারী উপজেলা সদরের সাথে পাত্রখাতা মিনাবাজার, জোড়গাছ ও উপজেলা হেডকোয়ার্টারের যোগাযোগ সহজ করতে তিস্তার খালের ওপর এই ৬৪ মিটারের ব্রিজ ও এইচবিবি সংযোগ সড়কটি নির্মাণ করা হয়। যৌথভাবে কাজটি সম্পন্ন করে 'মেসার্স লুফা-জেড এইচ ডি (জেভি)' নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা আশরাফুল ও রবিউল জানান, পাত্রখাতা, মিনাবাজার, মন্ডলেরহাট ও কাশিমবাজারসহ বিভিন্ন এলাকার মানুষ এই ত্রিমুখী সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান এখানে কোনো গাইড ওয়াল এবং পানি নিষ্কাশনের ড্রেন না করায় সামান্য বৃষ্টিতেই সড়কটি ধসে গেছে। স্থানীয় অটোচালক লাল মিয়া জানান, "জীবিকার তাগিদে বাধ্য হয়ে এই ভাঙা সড়ক দিয়েই গাড়ি চালাতে হচ্ছে।
ভাঙনের স্থানে এলে দুর্ঘটনা এড়াতে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি গাড়ি পার করতে হয়।" দিন যত যাচ্ছে, এই জনপদে সাধারণ মানুষের ক্ষোভ ও দুর্ভোগ ততই বাড়ছে। যোগাযোগ করা হলে চিলমারী উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, "টানা বৃষ্টির কারণে সংযোগ সড়কে এই ধসের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের ব্যবস্থা করা হবে।"
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!