জাতীয়

ভারত থেকে বিধিবহির্ভূতভাবে পুশইন করার চেষ্টা হচ্ছে: পররাষ্ট্রপ্রতিমন্ত্রী

ফরিদপুর অফিস ১৩ জুন, ২০২৬ এ ০২:১২ PM ১১৮১১৮১৩ জুন, ২০২৬
শেয়ার:
ভারত থেকে বিধিবহির্ভূতভাবে পুশইন করার চেষ্টা হচ্ছে: পররাষ্ট্রপ্রতিমন্ত্রী

ভারত থেকে বিধিবহির্ভূতভাবে পুশইন (ঠেলে পাঠানো) করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয়দের নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সীমান্তে পুশইন সম্পর্কে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, পুশইন ঠেকাতে বাংলাদেশ সরকার শক্ত অবস্থানে রয়েছে। ভারত থেকে যেসব পুশইন করার চেষ্টা করা হচ্ছে সেটা বিধিবহির্ভূত। এটি বন্ধ করার জন্য ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে দিল্লিকে।

ভারত সরকারকে নীতিমালা অবলম্বন করে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার জন্য বা দেওয়ার জন্য—একটি সুস্পষ্ট নীতিমালা আছে। আমরা আশা করব, ভারত সরকার সেই নীতিমালা অবলম্বন করবে। যদি কোনো বাংলাদেশী সেখানে অবৈধভাবে থেকে থাকে; তারা নীতিমালা অবলম্বন করে বৈধ পথে তাদেরকে ফেরত পাঠাবে। একইভাবে বাংলাদেশের যদি কোনো অবৈধ ভারতীয় থেকে থাকে তাদেরকে আমরা নীতিমালা অবলম্বন করে ফেরত পাঠাব। বিষয়টি নিয়ে আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি এবং কূটনীতির মাধ্যমে সমাধান হবে।

এছাড়া বিরোধী দলের বিভিন্ন বট বাহিনী মিথ্যা সংবাদ পরিবেশন করে ছড়াচ্ছে—এগুলোর বিরুদ্ধে জেলা ও উপজেলা সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‎সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার প্রমুখ।

এএস/

ট্যাগ:#পররাষ্ট্র প্রতিমন্ত্রী#ভারত#বিধিবহির্ভূতভাবে পুশইন#পররাষ্ট্রপ্রতিমন্ত্রী#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১৩ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান