অপপ্রচারের প্রতিবাদে ‘সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

কুমিল্লার দেবীদ্বারে ‘সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র দুই শ্রমিক নেতার বিরুদ্ধে এআই (AI) প্রযুক্তির সাহায্যে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে অপপ্রচার! শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাজারো শ্রমিকের বিক্ষোভ ও মানববন্ধন।
কুমিল্লার দেবীদ্বারে ‘সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ওয়ার্কস অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের দুই শ্রমিক নেতা মামুন ও শুভকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেবীদ্বার উপজেলার জাফরপুরে অবস্থিত ‘সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন থেকে ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ক্রীড়া সম্পাদক সোহেল রানা শুভর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ফয়সাল, জরিনা বেগম, আমেনা আক্তার, জুবায়ের আহমেদ, শিউলি আক্তারসহ অনেকে।
শ্রমিকদের অভিযোগ, ভুয়া বা ফেক আইডি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এ দুই নেতার বিরুদ্ধে মাদক সেবন সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ফেসবুকে অপপ্রচার না চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো উচিত। তারা অপপ্রচারকারী হিসেবে অভিযুক্ত ইন্দ্রজিৎ ভৌমিক ও তার সহযোগী মোস্তফা, সোহেল মিয়া, আবু মিয়া, আঃ হাকিমসহ অন্য অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ ভৌমিক জানান, তিনি কয়েকদিন ধরে অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন। ফেসবুকে অপপ্রচারের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং তার নিজস্ব ফেসবুক থেকেও কোনো পোস্ট করা হয়নি। তবে "ঘটনা সত্য না হলে কি আর মানুষ প্রচার করে" বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!